top

Sunday, April 30, 2017

এক বছরে ২০ কোটি ডলার


সুন্দর পিচাইসুন্দর পিচাইগুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট সম্পর্কে একটা কথা ইদানীং লোকমুখে খুব শোনা যাচ্ছে। আর তা হলো অ্যালফাবেট বা বর্ণমালার ‘সি’ অক্ষর দিয়ে বোঝানো হয় ক্যাশ বা নগদ অর্থ। প্রতিষ্ঠানটি আয় করছে দুই হাত ভরে, কর্মীদের আর্থিক প্রণোদনা দিতেও কার্পণ্য করছে না। প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের কথা ধরা যাক। গত বছর গুগলের প্রধান হিসেবে তিনি আয় করেছেন প্রায় ২০ কোটি ডলার। যা তাঁর ২০১৫ সালের আয়ের দ্বিগুণ। গত শুক্রবার প্রকাশিত প্রতিষ্ঠানটির আর্থিক বিবরণীতে এই তথ্য উঠে আসে।

সুন্দর পিচাইয়ের বার্ষিক মূল বেতন কিন্তু সাড়ে ৬ লাখ ডলারের বেশি না। তবে গত বছর প্রতিষ্ঠানটির ১৯ কোটি ৮৭ লাখ ডলার মূল্যমানের শেয়ার পেয়েছেন তিনি। আর এই শেয়ার দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গুগলের প্রধান নির্বাহী পদে পিচাইয়ের পদোন্নতি এবং অনেক সফল পণ্য বাজারে ছাড়া।

২০১৫ সালে গুগলের প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন আনা হয়। অ্যালফাবেট নামের নতুন প্রতিষ্ঠান দাঁড় করিয়ে গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠান অ্যালফাবেটের অন্তর্ভুক্ত করা হয়। সে সময় গুগলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়ে অ্যালফাবেটের দায়িত্ব নেন ল্যারি পেজ। আর গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান সুন্দর পিচাই।

পিচাইয়ের নেতৃত্বে গুগলের মূল বিজ্ঞাপনী আয় এবং ইউটিউব ব্যবসায়ে বেশ উন্নতি দেখা যায়। একই সঙ্গে তিনি মেশিন লার্নিং, যন্ত্র ও ক্লাউড কম্পিউটিংয়ে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেন।
২০১৬ সালে নতুন স্মার্টফোন, ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট, রাউটার এবং কণ্ঠ-নিয়ন্ত্রিত স্মার্ট স্পিকার বাজারে ছাড়ে গুগল। এই উদ্যোগগুলো প্রতিষ্ঠানটির উন্নয়নে দারুণ অবদান রেখেছে।

সাম্প্রতিক প্রান্তিকে গুগলের ‘অন্যান্য আয়’ বিভাগ থেকে প্রায় ৩১০ কোটি ডলার আয় হয়েছে। এই বিভাগে মূলত যন্ত্র ও ক্লাউড সেবা অন্তর্ভুক্ত। গত বছর একই প্রান্তিকের তুলনায় যা প্রায় ৫০ শতাংশ বেশি।
অ্যালফাবেটের শেয়ার মূল্যে এবার বেশ ঊর্ধ্বগতি দেখা গেছে। চলতি সপ্তাহেই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ৬০ হাজার কোটি ডলার বাজার মূল্যের মাইলফলক ছুঁয়েছে।
মেহেদী হাসান, সূত্র: সিএনএন
REFERENCE